সারা দেশে তীব্র শীতের আমেজ নামে ডিসেম্বরেই। তবে এবার আবহাওয়ার ভিন্নতা দেখা যাচ্ছে। এই সময়ে তাপমাত্রা সাধারণত নিম্নমুখী থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তবে জানুয়ারি মাসের শুরুতে বাড়তে পারে শীত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অবশ্য বলছে, চলতি মাসের বাকি সময়জুড়ে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। কোথাও শৈত্যপ্রবাহের পূর্বাভাসও নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, এখনো ডিসেম্বরের স্বাভাবিক শীত নামেনি। মাসের বাকি কয়েক দিনও স্বাভাবিকের চেয়ে কম শীত থাকার সম্ভাবনা আছে। তবে জানুয়ারি মাসের শুরুতে শীত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।





