পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ। শুক্রবার লাহোরে ব্যবস্থাপনা কমিটির চতুর্থ বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
গত বছরের জুলাইয়ে আইএমসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় আশরাফকে। কমিটিতে ছিলেন ১০ সদস্য। তাঁদের দায়িত্ব ছিল চার মাসের মধ্যে বোর্ডের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন আয়োজন করা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক। এই বোর্ডের প্রধান হিসেবে কে দায়িত্ব নেবেন, সেটা এখনো পিসিবির পক্ষে জানানো হয়নি।



