জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর – DesheBideshe

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর – DesheBideshe


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর – DesheBideshe
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঢাকা,১৭ নভেম্বর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাস থেকে তাদের থানায় পাঠানো হয়। হস্তান্তরের কাজ শেষ হওয়ার পর ক্যাম্পাস ছেড়ে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে রাতভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কর্মকর্তাদের কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

আটক পাঁচ কর্মকর্তা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

এদিকে, আটক কর্মকর্তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ব্যবস্থা নিতে সোমবার রাতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। সবকিছু যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, ঘটনার বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Scroll to Top