ছুরি দেখিয়ে হুমকি, বেঁধে রাখা হয় দোন্নারুম্মাকে; আদালতে উঠে এল ভয়াবহ ডাকাতির তথ্য – Sarabangla

ছুরি দেখিয়ে হুমকি, বেঁধে রাখা হয় দোন্নারুম্মাকে; আদালতে উঠে এল ভয়াবহ ডাকাতির তথ্য – Sarabangla

প্যারিসে নিজের বাসভবনে ভয়াবহ ডাকাতির শিকার হওয়ার প্রায় তিন বছর পর সেই রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা আদালতে তুলে ধরেছেন ইতালির তারকা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ডাকাতরা তাকে মারধর করে, বেঁধে রাখে এবং ছুরি দেখিয়ে ভয় দেখায়। একই ঘটনায় তার তৎকালীন অন্তঃসত্ত্বা প্রেমিকা আলেসিয়া এলেফান্তেকেও হুমকি ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছিল।

২০২৩ সালে প্যারিসের অভিজাত এভিনিউ মন্তেনিয়েতে দোন্নারুম্মার ফ্ল্যাটে ঘটে ওই ডাকাতির ঘটনা। সে সময় তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলছিলেন। গভীর রাতে ডাকাতরা বাসায় ঢুকে পড়লে দোন্নারুম্মা ও এলেফান্তের ঘুম ভেঙে যায়।

সম্প্রতি প্যারিসের একটি ফৌজদারি আদালতে দুই দিনব্যাপী শুনানিতে ঘটনার বিস্তারিত বিবরণ উঠে আসে। আদালতে দেওয়া সাক্ষ্যে দোন্নারুম্মা জানান, ডাকাতরা নাকল ডাস্টার দিয়ে তার মুখে আঘাত করে। পরে তাকে বেঁধে রেখে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়।

ডাকাতরা বাসা থেকে বেশ কয়েকটি দামি ঘড়ি, গয়না, হ্যান্ডব্যাগ ও নগদ অর্থ নিয়ে যায়। এ ছাড়া একটি মার্সিডিজ ও একটি ল্যাম্বরগিনির চাবিও তারা নিয়ে যায়।

দোন্নারুম্মার সঙ্গী এলেফান্তের ওপরও চালানো হয় চাপ। ডাকাতরা সেফের পাসকোড জানতে চাইলে এলেফান্তে জানান, কোডটি তার জানা নেই এবং সেফটিও খালি ছিল। তার বক্তব্য অনুযায়ী, এতে ক্ষুব্ধ হয়ে ডাকাতরা তার চুল ধরে টানাটানি করে এবং একজন তার উরুতে আঘাত করে। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেও হামলা থামেনি।

শেষ পর্যন্ত দোন্নারুম্মা ডাকাতদের সেফের পাসকোড দেন। তবে সেফে কোনো মূল্যবান জিনিস পাওয়া যায়নি।

তদন্তে জানা যায়, চার ডাকাত মই ব্যবহার করে ভবনের ছাদে পৌঁছায়। সেখান থেকে তারা ব্যালকনিতে নেমে জানালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে।

Scroll to Top