চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ডিলাক্স পরিবহনের একটি বাসের ধাক্কায় শামসুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে শামসুল ইসলাম বাইসাইকেলে করে পীরপুর গ্রামের সড়ক থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ডিলাক্স পরিবহন বাস তাকে ধাক্কা দেয়। তিনি সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলুকদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জব্বার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে শামসুল ইসলাম নিজের পানবরজ থেকে পান ভেঙে বাইসাইকেলে করে বিক্রির জন্য চুয়াডাঙ্গার উদ্দেশ্য বের হয়েছিলেন। পথের মধ্যে দূরপাল্লার গণপরিবহন চুয়াডাঙ্গা ডিলাক্সের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘ওই ব্যক্তি মাথা, পিঠ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।’ 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, ‘নিহত শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।’ 

Scroll to Top