চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন

চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন

চট্টগ্রামে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও পাইকারি-খুচরা বাজারে বেড়েছে চালের দাম। পাইকারি বাজারে প্রতিমণে বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর পাহাড়তলী বাজারে চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় একটি আড়তের মালিককে লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একাধিক আড়তদারকে মজুদের ব্যাপারে সতর্ক করা হয়।

সম্প্রতি চালের বাজার অস্থির করার ক্ষেত্রে অভিযোগ উঠেছে চালকল মালিক (মিলার) ও আড়তদারদের দিকে। মিলার ও আড়তদাররা বাজারে ধীরে ধীরে চাল ছাড়ছেন। চাহিদার চেয়ে জোগান কম হওয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এতে বাড়ছে চালের দাম।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে আমরা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। আমাদের কাছে প্রাপ্ত তথ্যানুযায়ী ব্যবসায়ী ছাড়াও অনেকেই ট্রেড লাইসেন্স বা লাইসেন্স ছাড়া ধান-চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। ধান-চাল মজুদকারিদের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মিলার ও আড়তদাররা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি চাল উৎপাদনশীল অঞ্চলগুলোতে চাল মজুদ এবং অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের বেনামে চাল মজুদের ব্যাপারও খতিয়ে দেখা হচ্ছে।
এদেরকে প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

Scroll to Top