চার ঘণ্টার ব্যবধানে গোয়ালন্দে ঝড়ল ২ প্রাণ

চার ঘণ্টার ব্যবধানে গোয়ালন্দে ঝড়ল ২ প্রাণ

চার ঘণ্টার ব্যবধানে রাজবাড়ীর গোয়ালন্দে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল রনি মন্ডল (৩০) নামের এক যুবক।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে বেড়িবাধ সড়ক থেকে গোয়ালন্দের জমিদারব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রনি মন্ডল গোয়ালন্দ রেলগেট এলাকার আজাদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রনি মন্ডল তার স্ত্রী মোছা. শিল্পীকে (২৭) নিয়ে মোটরসাইকেল ঘুরতে বের হয়। বিকেল সোয়া ৫টার দিকে বেড়িবাধ সড়ক থেকে গোয়ালন্দের জমিদারব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছে। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী এমএম পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে দু’জনই নিচে পড়ে যান।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রনি মণ্ডলের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যা সাতটার দিকে সে মারা যান। তার স্ত্রী চিকিৎসাধীন আছেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক আছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দিকে দুর্ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে স্পিডব্রেকারের (গতিরোধক) দাবিতে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ গতিরোধকের কাজ শুরু হলে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গোয়ালন্দে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় আকবর মল্লিক (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আকবর মল্লিক রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মনছের মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গোয়ালন্দ বাজারে কাপড়ের দোকান বন্ধ করে জুম্মার নামাজ পড়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজে পৌঁছালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন (কুষ্টিয়া-ব ১১-০০৪৮) বাসটি বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশের স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Scroll to Top