চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের বাছাই পর্ব শুরু

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের বাছাই পর্ব শুরু

দারুণ জয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আমিরুল-রাব্বিরা।

ম্যাচের শুরুটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম কোয়ার্টারের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় চায়নিজ তাইপে হকি দল, লি চি-শুয়ানের গোলে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। এর ফলও আসে দ্রুত। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল, এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম, তিনিও পেনাল্টি কর্নার থেকে গোল করেন।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে নাটকীয়তা যোগ হয়। ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে দুটি গোল করে ব্যবধান কমায় চায়নিজ তাইপে, তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

এই বাছাইপর্বে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল সুযোগ পাবে এশিয়ান গেমসে খেলার। আগামীকাল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Scroll to Top