চলে গেলেন ধ্রুপদী সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান

চলে গেলেন ধ্রুপদী সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মাত্র ৫৫ বছরেই চলে গেলেন ধ্রুপদী সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে পশ্চিমবাংলার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই তার স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না। ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, কয়েকদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম জনপ্রিয় এই শিল্পীর। অবস্থার অবনতি হতে শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল বা পরিবারের সূত্রে কিছু জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ মহলের অনেকেরই ধারণা ছিল, তার মস্তিষ্কের রক্তক্ষরণের সঙ্গে ক্যানসারের যোগ ছিল। আর সেই কারণেই বিষয়টি ভয়ঙ্কর আকার নেয়।

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম হয় ওস্তাদ রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। এই ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ। রশিদ তালিম নেন ওস্তাদ নিসার হুসেন খাঁয়ের কাছে। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গুলাম মুস্তাফা খাঁ। তাঁর থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত ধ্রুপদী সঙ্গীত গাইলেও বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

উত্তর প্রদেশে জন্ম হলেও খুব কম বয়সেই কলকাতা চলে আসেন তিনি। এরপর থেকেই কলকাতাতেই বসবাস এই শিল্পীর। সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী সম্মান যেমন পেয়েছেন, তেমন পশ্চিমবাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন রাশিদ। শিল্পীর প্রয়ানে তাই শোকের ছায়া সব ধরনের সঙ্গীতপ্রেমীদের মধ্যেই। তিনি রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।

সারাবাংলা/এএসজি

Scroll to Top