‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, থাকবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা’

‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, থাকবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা’

ঢাকা: আগামী বছর থেকে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় বাধ্যতামূলক করা হবে। এ জন্য পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিষয়টিতে লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, সরকার শিক্ষাকে আরও আনন্দময় করতে কাজ করছে। শুধু বইভিত্তিক পড়াশোনার পরিবর্তে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে পড়াশোনা শিক্ষার্থীদের কাছে ভয়ের নয়, আনন্দের বিষয় হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হচ্ছে। খেলাধুলার ওপর লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষাও থাকবে। একই সঙ্গে বিতর্ক, কোরআন তেলাওয়াত, সংগীত এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে শিক্ষার অংশ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এতে তারা মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকেও বিরত থাকবে।

তিনি জানান, রাজধানীসহ সারা দেশে খেলার মাঠের সংকট দূর করতে সরকার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খালি সরকারি জমিতে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

শিক্ষকদের উদ্দেশে আমিনুল হক প্রতিদিন পাঠদানের শুরুতে অন্তত ৫ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সততা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল হক এবং বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইসহাক হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা।

Scroll to Top