গত বছরের ১৭ ডিসেম্বর উপাচার্যের বিরুদ্ধে অধ্যাদেশ লঙ্ঘন করে বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছিল শিক্ষক সমিতি। সমিতির এ অবস্থানের মধ্যেই আইন বিভাগের শিক্ষক নিয়োগে প্রার্থীদের সাক্ষাৎকার নেন উপাচার্য শিরীণ আখতার। এর প্রতিবাদে উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের এক দাবিতে আন্দোলন করছে শিক্ষক সমিতি।
ইতিমধ্যে প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি, গণসংযোগ, উপাচার্যের বিরুদ্ধে হওয়া অনিয়মের সংবাদ প্রদর্শন ও কর্মবিরতি পালন করেছে শিক্ষক সমিতি। যদিও উপাচার্য শিরীণ আখতার গত বছরের ২১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে দাবি করেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি। আইন মেনেই তিনি নিয়োগপ্রক্রিয়া শুরু করেছেন।
তবে গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংবিধি লঙ্ঘন করা হচ্ছে জানিয়ে বাংলা ও আইন বিভাগের শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিত করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পরে এসব ঘটনা তদন্ত করতে ৩১ জানুয়ারি তিন সদস্যের একটি কমিটিও গঠন করে কমিশন।





