গতকাল দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে চট্টগ্রামের সমীকরণ ছিল এমন—জিতলে প্লে-অফ নিশ্চিত, হারলে পড়ে যেতে হবে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণের মধ্যে। এমন চাপের ম্যাচে তানজিম হাসানের শতকে ১৯২ রান তোলা চট্টগ্রাম পর খুলনাকে আটকে দেয় ১২৭ রানেই। প্লে-অফে যেতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না খুলনার, সেখানে বোলিং-ব্যাটিং কোনোটিতেই সুবিধা করতে পারেনি তারা। প্রথম ৪ ম্যাচ জিতে বিপিএল শুরু করেছিল খুলনা, কিন্তু পরের ৭ ম্যাচে জিতেছে মাত্র ১টিতে।
এই হারের পর খুলনার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত কাগজে-কলমেই। বরিশালের পয়েন্ট ১২, খুলনার ১০। দুই দলেরই বাকি ১টি করে ম্যাচ। নেট রানরেটেও খুলনা (-০.৪০০) বরিশালের (+০.৪৩৪) চেয়ে অনেকটাই পিছিয়ে। চট্টগ্রামের কাছে বড় ব্যবধানে হার নেট রানরেটেও ভালো প্রভাব ফেলেছে। ফলে খুলনাকে প্লে-অফে যেতে কুমিল্লার কাছে বরিশালকে হারতে হবে বিশাল ব্যবধানে, পরে সিলেটের বিপক্ষে খুলনাকে জিততে হবে বড় ব্যবধানে। তার ওপর বরিশাল আছে দারুণ ফর্মে। প্রথম ৪ ম্যাচের ৩টি হারলেও পরের ৭ ম্যাচে ৫টিই জিতেছে তামিম ইকবালের দল। সব মিলিয়ে খুলনার কাজটা যে প্রায় অসম্ভব, কালকের হারের পর তা মেনে নিয়েছেন খুলনার অধিনায়ক এনামুল হকও।




