চট্টগ্রামে দুর্নীতি মামলায় শিপইয়ার্ড মালিকের যাবজ্জীবন

চট্টগ্রামে দুর্নীতি মামলায় শিপইয়ার্ড মালিকের যাবজ্জীবন

ব্যাংক ঋণ পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে মজিবুর রহমান মিলন নামের এক শিপইয়ার্ড মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০০ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। আসামি মিলন মামলার শুরু থেকে পলাতক আছেন। তার অনুপস্থিতি এ রায় ঘোষণা করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমকে জানান, আদালত চট্টগ্রামের মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনকে দুদক আইনের সিডিউলভুক্ত ৪০৯ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়াও ৪২০ ধারায় তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। উভয় ধারার সাজা একত্রে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

এজাহার হতে জানা যায়, ২০১১ সালে অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি পূর্ব পাড় করপোরেট শাখা থেকে রিভলভিং এলসি সুবিধা নিয়ে কোরিয়া থেকে স্ক্র্যাপ জাহাজ আমদানি করে মুহিব স্টিল। পরে বিভিন্ন সময়ে ঋণের সুদ-আসলে কিছু টাকা পরিশোধ করে ২০১৭ সালে ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণস্থিতি রেখে পরিশোধ না করে পরিবার-পরিজন নিয়ে আত্মগোপন করেন।

এমন অভিযোগে ২০১৮ সালের ২৪ মিলনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

Scroll to Top