ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের গুজরাটে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে প্রায় ৩০ বছর কারাভোগ করা এক ব্যক্তি অবশেষে নির্দোষ প্রমাণিত হন। তবে মুক্তির স্বাদ উপভোগ করার আগেই পরদিন তার মৃত্যু হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গুজরাট হাইকোর্ট চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রায়ে তাকে নির্দোষ ঘোষণা করে। রায়ের পর তিনি বলেন, আমার জীবনের কলঙ্ক মুছে গেছে। এখন যদি সৃষ্টিকর্তা আমাকে নিয়ে যান, তাতেও কোনো আফসোস থাকবে না।

কী ঘটেছিল

১৯৯৬ সালে আহমেদাবাদে কর্মরত পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

১৯৯৭ সালে অভিযোগপত্র দাখিল, ২০০২ সালে অভিযোগ গঠন এবং ২০০৩ সালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০০৪ সালে সেশন আদালত তাকে চার বছরের কারাদণ্ড ও ৩ হাজার রুপি জরিমানা দেন।

দীর্ঘ আইনি লড়াই

রায়ের বিরুদ্ধে বাবুভাই প্রজাপতি গুজরাট হাইকোর্টে আপিল করেন। তবে সেই আপিল নিষ্পত্তি হতে সময় লাগে দীর্ঘ ২২ বছর। অবশেষে ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে বলেন, সাক্ষীদের বক্তব্যে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।

রায়ের পরই মৃত্যু

মামলার আইনজীবী নিতিন গান্ধী জানান, পুরো মামলাটি ছিল সন্দেহনির্ভর। রায়ের পর তাঁর কার্যালয়ে এসে প্রজাপতি খুবই আনন্দিত ছিলেন। কিন্তু বাড়ি ফেরার পরদিনই তিনি স্বাভাবিক কারণে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্বজনদের ভাষ্য, তিনি আর একটু বেঁচে থাকলে সবাই আনন্দিত হতেন।

Scroll to Top