বাংলা একাডেমি বাংলা দিনপঞ্জিকা সংস্কার করায় বেশ কয়েক বছর থেকেই ঢাকায় সাকরাইনের আয়োজন হচ্ছে দুই দিন। জানুয়ারির ১৪ ও ১৫ তারিখে। প্রথম দিনের উৎসব হয় প্রধানত সূত্রাপুর, কলতাবাজার, গেন্ডারিয়া, ধোলাইখাল, লক্ষ্মীবাজার, ফরিদাবাদ, লালবাগ এসব এলাকায়। আর লোকনাথ পঞ্জিকা অনুসারে দ্বিতীয় দিনে সংক্রান্তির উৎসব হয় শাঁখারী বাজার, তাঁতীবাজার, গোয়ালনগর, রাজার দেউড়ি এই মহল্লাগুলোতে।
সাকরাইন উপলক্ষে পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার এলাকায় ঘুড়ি, লাটাই, সুতা বিক্রির ধুম পড়েছিল সপ্তাহখানেক ধরে। হরেক রকমের ঘুড়ি, বিচিত্র তাদের নাম আর রঙের বাহার। কোনোটির নাম চোকদার, কোনোটির মাসদার, আরও আছে পানদার, গয়েল, চারদুয়ার, লম্বালেজা প্রভৃতি। সুতারও আছে—রক, ড্রাগন, ডাবল ড্রাগন, টাইগার, মাঞ্জা থেকে সম্রাট অবধি হরেক ধরনের।





