ঢাকা, ১১ মার্চ – বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিভিন্ন ক্লাবের মুখোমুখি অবস্থানের কারণে দেশের ঘরোয়া ক্রিকেটে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এই প্রশাসনিক দ্বন্দ্ব ও ক্ষমতার পালাবদল নিয়ে মাঠের ক্রিকেটারদের কোনো আগ্রহ নেই, তাদের একমাত্র দাবি হলো দ্রুত মাঠে খেলা ফেরানো। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএল নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা নিয়ে গভীরভাবে চিন্তিত খেলোয়াড়রা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, কারা বোর্ড পরিচালনা করছে সেটি তাদের বিবেচ্য বিষয় নয়, তারা কেবল ক্রিকেট খেলতে চান। মঙ্গলবার ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বোর্ড কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
মিঠুন জানান, আগে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো ফল না আসায় এখন আর তিনি সেই চেষ্টা করেন না।
প্রিমিয়ার লিগ আয়োজনে যারাই ভূমিকা রাখুক না কেন, মাঠে খেলা ফিরলেই ক্রিকেটাররা সন্তুষ্ট হবেন বলে তিনি উল্লেখ করেন। ঢাকা লিগ পিছিয়ে যাওয়া নিয়ে খেলোয়াড়দের বড় কোনো আপত্তি নেই। মিঠুনের মতে, মার্চের খেলা মে বা জুন মাসে অনুষ্ঠিত হলেও কোনো সমস্যা নেই, তবে কোনোভাবেই যেন পুরো একটি মৌসুম বাতিল হয়ে না যায়, সেটিই এখন তাদের প্রধান দাবি।
এনএন/ ১১ মার্চ ২০২৬






