ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন সপ্তাহের মধ্যে ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট নেমেছে। ২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে এসব ফ্লাইট সিলেটে নামে।
২ জানুয়ারি সিলেট বিমানবন্দরে অবতরণ করার পর পার্কিংয়ের সময় ইউএস-বাংলার দুটি উড়োজাহাজের পাখার সংঘর্ষ হয়। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তবে ওই দুটি বাদে বাকি ১৪টি উড়োজাহাজ আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সিলেট ছেড়ে গন্তব্যে চলে যায়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়েতে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ওপর নির্ধারণ করে ফ্লাইটগুলো ওঠানামা করে। ঘন কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পেয়ে বিমানচালক সমস্যার সম্মুখীন হন। সাধারণত বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। এর নিচে নামলে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করা হয়।



