গাজার শিশুদের পাশে হামজা চৌধুরী – Sarabangla

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় মানবিক উদ্যোগে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। গাজার শিশুদের জন্য আয়োজিত একটি চ্যারিটি নিলামে নিজের স্বাক্ষরিত জার্সি দিচ্ছেন বাংলাদেশি এই মিডফিল্ডার।

মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম ‘নুজুম স্পোর্টস’-এর উদ্যোগে আয়োজিত এই নিলামে হামজার জার্সির পাশাপাশি বিভিন্ন মুসলিম ক্রীড়াবিদের স্বাক্ষরিত জার্সি, পদক ও অন্যান্য ক্রীড়া স্মারক রাখা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি দাতব্য সংস্থার কার্যক্রমে ব্যবহৃত হবে। সংঘাতের মধ্যে থাকা ফিলিস্তিনি শিশুদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ফিলিস্তিনের প্রতি হামজার সমর্থন অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা হাতে উদযাপন করেছিলেন তিনি। এরপরও বিভিন্ন সময়ে ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করেছেন এই বাংলাদেশি তারকা।

লেস্টার সিটি ছেড়ে সম্প্রতি শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। এশিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় যাবেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের কোচ টমাস ডুলির দল ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Scroll to Top