এদিকে গতকালও গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে হামাস। তারা বলেছে, ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধারা কেন হামলা করেছিল, সে সম্পর্কেও কথা বলেছে গাজার এই শাসকগোষ্ঠী। এ নিয়ে গতকাল ১৬ পৃষ্ঠার এক নথি প্রকাশ করেছে তারা।
নথিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি বলেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও পুরো গাজার বাসিন্দাদের ওপর ইসরায়েলের জাতিগত নিধনযজ্ঞের মতো অপরাধ ঠেকাতে তাদের ওই হামলা জরুরি হয়ে পড়েছিল।
ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশ করা ওই নথির মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েলে হামলা নিয়ে নিজেদের অবস্থান জানাল হামাস। এতে হামাস আরও বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সব ধরনের ষড়যন্ত্র নিয়ে এটি ছিল একটি স্বাভাবিক ও দরকারি পদক্ষেপ।




