গাজায় নিহত ২১ হাজার ছাড়াল, শিক্ষার্থী ৪০০০

গাজায় নিহত ২১ হাজার 
ছাড়াল, শিক্ষার্থী ৪০০০

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন।

যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দিয়ে মধ্য ও দক্ষিণ গাজায় হামলার তীব্রতা বাড়ানো হয়েছ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২৫ জন।

এদিকে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৭ শিক্ষার্থী নিহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৯ জন কর্মীও নিহত হন। আহত হয়েছেন ৭ হাজার ২৫৯ শিক্ষার্থী ও ৬১৯ শিক্ষক।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কয়েকটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় ৩৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Scroll to Top