একজন মায়ের সম্পূর্ণ গর্ভকালে ৯ থেকে ১২ কেজি ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। এর বেশি হলে তা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, মায়েরা ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত ওজন বাড়িয়ে ফেলেন; যা প্রসবের সময় বাচ্চা ও মা উভয়ের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর সন্তানধারণের আগে থেকেই যদি আপনি একটু বেশি ওজনের হয়ে থাকেন, তবে তো ঝুঁকি দ্বিগুণ বেড়ে যাবে।
মায়ের ওজন অনেক বৃদ্ধির পরও কখনো কখনো দেখা যায়, আলট্রাসনোগ্রাফিতে গর্ভের সন্তানের ওজন অনেক কম। এর মানে, অতিরিক্ত খাবার খেয়ে শুধু আপনার ওজনই বেড়েছে, বাচ্চার ওজন ঠিকভাবে বাড়েনি। অতিরিক্ত ওজনের কারণে পায়ে পানি আসা, হাঁসফাঁস অবস্থা, কোমর ব্যথা, ঘুমের সমস্যা বাড়ে। দেখা দিতে পারে গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিলতা। মায়ের এসব জটিলতার জন্য সময়ের আগে প্রসব, স্বল্প ওজনের শিশু প্রসব হতে পারে।



