ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গ ও আচরণ নিয়ে খবর প্রকাশের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির উপদেষ্টা আমির মীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোর্ডের নিয়ম মেনেই তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আমির মীরের পোস্টে বলা হয়, ‘সংবাদমাধ্যমে শৃঙ্খলভঙ্গ ও আচরণসংক্রান্ত নানা খবর আসার পর অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি বর্তমানে তাদের নিজস্ব প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।’
এর আগে জিও সুপার দাবি করে, লন্ডনে পাকিস্তান দলের দুই ক্রিকেটারের মোবাইল ফোন কয়েক ঘণ্টার জন্য নিরাপত্তা কর্মকর্তার হেফাজতে নেওয়া হয়েছিল। আর ৩৬৫ নিউজের দাবি, ফোনগুলো পিসিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সেগুলো বোর্ডের হেফাজতে থাকতে পারে।
তবে কোন দুই ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে কিংবা কী ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, তা প্রকাশ করেনি পিসিবি। এমনকি ফোন জব্দ বা তথ্য পরীক্ষা করার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাত ক্রিকেটার বাদ পড়েছেন, কোচিং স্টাফেও পরিবর্তন হয়েছে। এর মধ্যেই নতুন করে শৃঙ্খলাজনিত তদন্তে পড়ল পাকিস্তান দল।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জরিমানা কিংবা নিষেধাজ্ঞার মতো শাস্তিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
