ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলাই পারে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে এক সুতোয় গাঁথতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ১ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জার্সি গায়ে মাঠে নামলে পরিচয় একটাই—বাংলাদেশ। খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করে। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আগ্রহকে কাজে লাগিয়ে ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রতিমন্ত্রী জানান, শুরুতে আটটি ইভেন্ট নিয়ে প্রতিযোগিতা শুরু হলেও এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় ইভেন্টের সংখ্যা বেড়ে ১০টিতে উন্নীত হয়েছে। প্রথম আসর শেষ হওয়ার আগেই গত ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধনও শুরু হয়েছে।
তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলায় দল গঠন করে বছরব্যাপী এই প্রতিযোগিতা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।





