খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস | চ্যানেল আই অনলাইন

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তার সাময়িক মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াল সরকার। এই নিয়ে আট দফায় এই বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ বাড়ল।

আজ বুধবার ২৭ মার্চ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৫ মার্চ থেকে খালেদা জিয়ার সাজা স্থগিতাদেশ কার্যকর হবে। এবারও শর্ত রয়েছে, খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এর আগে পূর্বের শর্তেই নতুন করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন বিএনপির সাবেক নেত্রী খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রীর। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে ছিলেন।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করেন। ওই বছরের ২৫ মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন খালেদা জিয়া। তখন থেকে তিনি সেখানেই আছেন। এরপর থেকে পরিবারের আবেদনে প্রতি ছয় মাস পরপর বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

Scroll to Top