ক্ষতি মেনেও কেন সৌদি লিগ ছাড়তে চান হেন্ডারসন

ক্ষতি মেনেও কেন সৌদি লিগ ছাড়তে চান হেন্ডারসন

হেন্ডারসন নাকি তাঁর সতীর্থদের সৌদি প্রো লিগের শীতকালীন বিরতি শুরুর আগেই সম্ভাব্য বিকল্পগুলো বিবেচনা করে দেখার কথা বলেছেন। সৌদি লিগের ওপর হেন্ডারসন নাকি এতটাই বিরক্ত যে প্রিমিয়ার লিগ থেকে কোনো প্রস্তাব পেলে বড় অঙ্কের বেতন হ্রাস এবং বিশাল অঙ্কের কর দিতেও আপত্তি নেই তাঁর। বলে রাখা ভালো, এই মুহূর্তে আল ইত্তিফাক হেন্ডারসনকে কর বাদ দিয়ে সপ্তাহে ৭ লাখ পাউন্ড বেতন দিচ্ছে। তবে কর মওকুফ কার্যকর হবে, যদি তিনি চুক্তি অনুযায়ী দুই বছর থাকেন। আর যোগ দেওয়ার ছয় মাস পর এখন যদি হেন্ডারসন ক্লাব ছাড়েন, তবে তাঁকে ৭ মিলিয়ন পাউন্ডের মতো কর দিতে হবে।  
প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ক্রিস্টাল প্যালেস, ফুলহাম এবং নিউক্যাসল সেন্ট্রাল মিডফিল্ডারের সন্ধানে আছে। তবে এই মুহূর্তে শীর্ষ লিগের অনেক দল খরচের ক্ষেত্রে বিধিনিষেধের মধ্যে আছে, ফলে বেতনের অঙ্কে বড় ছাড় দিয়েই আসতে হবে হেন্ডারসনকে। এদিকে হেন্ডারসনের লিভারপুলে ফেরা নিয়েও কথা হচ্ছে। হেন্ডারসন অবশ্য যেখানে মূল্যায়িত হবেন বা বেশি খেলার সুযোগ পাবেন, সেখানেই যেতে চান। তাঁকে নিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘ব্যাপারটা এমনই। আমরা আলাপ করেছিলাম। আমি বলেছিলাম সে থাকুক এটা আমার চাওয়া। কিন্তু সে যে নিয়মিত খেলতে পারবে না, সেটা নিয়েও আমাদের কথা হয়েছিল। আমি একজন খেলোয়াড়কে ৫০ ম্যাচ খেলার কথা বলতে পারি না। কারণ, সেটা আমি জানি না।’ হেন্ডারসনের লিভারপুলে ফেরার পথটা যে এখন প্রায় বন্ধ, সে ইঙ্গিত দিয়ে ক্লপ বলেছেন, ‘যদি আমি বলতাম হেন্ডো আমার প্রধান একজন হবে, সে থাকত, কিন্তু আমি তা বলিনি। তাই অন্য কোথাও যাওয়াই ভালো ছিল।’

Scroll to Top