ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা | চ্যানেল আই অনলাইন

ইউটিউবে ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করবে প্ল্যাটফর্মটি। একই নিয়ম প্রযোজ্য হবে ইউটিউবের লাইভ ভিডিওর ক্ষেত্রেও।

বুধবার ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এত দিন ইউটিউব ভিউ গণনার নির্দিষ্ট পদ্ধতি প্রকাশ না করলেও সাধারণভাবে ধারণা করা হতো, কোনো ভিডিও নির্দিষ্ট সময় দেখা হলে সেটি ভিউ হিসেবে গণনা করা হয়। নতুন নিয়মে সেই অপেক্ষা থাকছে না। ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ ভিউ হিসেবে সেটি গণনা হবে।

এর ফলে কনটেন্ট ক্রিয়েটরদের অনেক ভিডিওর ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শক অল্প সময় দেখেই বন্ধ করে দেন, সেগুলোর ভিউ সংখ্যাতেও বড় পরিবর্তন আসতে পারে। ফলে শুধু মোট ভিউ দেখে কোনো ভিডিওর দর্শক-আগ্রহ বা জনপ্রিয়তা বিচার করা আগের তুলনায় কঠিন হতে পারে।

ইউটিউব বলছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তাই ভিডিওর দর্শক প্রতিক্রিয়া পরিমাপের জন্য একটি অভিন্ন মেট্রিক চালু করা হচ্ছে।

তবে আগের ধরনের ভিউ হিসাব পুরোপুরি বাদ দিচ্ছে না ইউটিউব। ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত তথ্য ইউটিউব অ্যানালিটিকসে দেখা যাবে। অর্থাৎ একটি ভিডিও কতবার চালু হয়েছে এবং দর্শকেরা কতবার নির্দিষ্ট সময় ধরে ভিডিওটি দেখেছেন, এই দুই ধরনের তথ্য আলাদাভাবে পাওয়া যাবে।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন ভিউ গণনা পদ্ধতির কারণে আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

এর আগে গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রেও ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করেছিল।

এদিকে গত সপ্তাহে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের আয় নিয়ে শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে বলে জানানো হয়েছে।

Scroll to Top