ঢাকা, ১৫ জানুয়ারি – ক্রিকেটারদের চলমান বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের নির্ধারিত দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে সেটি পরিত্যক্ত হয়। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বুধবার রাতে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরদিন বিসিবি তাকে বোর্ডের অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দিলেও পরিচালক পদে বহাল রাখায় ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, নাজমুল ইসলাম পরিচালক পদে থাকলে তারা মাঠে নামবেন না।
বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পরিচালক পদ থেকে সরানোর বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক নিশ্চয়তা পেলে তারা সন্ধ্যার ম্যাচে অংশ নেবেন। কিন্তু সেই নিশ্চয়তা না পাওয়ায় দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে আসেননি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত থাকলেও খেলার কোনো প্রস্তুতি দেখা যায়নি। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয় এবং পিচ ঢেকে দেওয়া হয়।
ক্রিকেটারদের অনড় অবস্থান ও ধারাবাহিক বয়কটের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বিসিবি তাদের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএলের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সূচি ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬





