
ছবি: সংগৃহীত
ক্যামেরা ছাড়া নতুন স্মার্ট চশমা উন্মোচন করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ‘রেই-ব্যান মেটা অডিও’ নামের এই চশমায় আগের মডেলের মতো গান শোনা, ফোন কল করা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন অডিও সুবিধা থাকবে। তবে এতে কোনো ক্যামেরা থাকবে না।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে রেই-ব্যান ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বে এআই-চালিত স্মার্ট চশমা বাজারে আনে মেটা। এরপর থেকেই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বিশেষ করে নারীদের ও কিশোরীদের অনুমতি ছাড়া চশমার ক্যামেরায় ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার স্মার্ট চশমাকে অনেকে ‘পারভার্ট গ্লাসেস’ বা ‘ক্রিপি গ্লাসেস’ নামে অভিহিত করেন। যুক্তরাজ্যের কিছু পাব, থিয়েটার, স্কুল এবং কমিক-কনসহ বিভিন্ন স্থানে এগুলো নিষিদ্ধ করা হয়েছে।
মেটা অবশ্য বলছে, নতুন ক্যামেরাবিহীন চশমাটি জনসাধারণের সমালোচনার প্রতিক্রিয়ায় তড়িঘড়ি করে তৈরি করা হয়নি। প্রতিষ্ঠানটির দাবি, পণ্যটি গত দুই বছর ধরে উন্নয়নের মধ্যে ছিল। ক্যামেরা না থাকায় নতুন মডেলটি তুলনামূলক সস্তা, হালকা এবং এর ব্যাটারিও বেশি সময় চলবে।
ক্যামেরাবিহীন মডেলে ব্যবহারকারীরা ফোন কল ও গান শোনার পাশাপাশি চশমার দুই পাশের স্পিকারের মাধ্যমে সরাসরি কানে শব্দ শুনতে পারবেন। তবে আগের ক্যামেরাযুক্ত মডেলগুলোর মতো ছবি বা ভিডিও ধারণের সুবিধা থাকবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্ট চশমার ক্যামেরা নিয়ে বিতর্ক থাকলেও এর বিভিন্ন অডিও সুবিধা ব্যবহারকারীদের কাছে কার্যকর মনে হয়েছে। পথ চলার সময় ফোন হাতে না নিয়েই গান শোনা বা মানচিত্রের নির্দেশনা শোনার সুবিধা রয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্যও এ ধরনের চশমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে আশপাশের পরিবেশের অডিও বর্ণনা এবং লেখা পড়ে শোনানো সম্ভব।
তবে ক্যামেরা নিষ্ক্রিয় করার বিভিন্ন প্রযুক্তিগত উপায় নিয়েও উদ্বেগ রয়েছে। মেটার স্মার্ট চশমায় ক্যামেরা চালু হলে সাদা আলো জ্বলে ওঠে। কিন্তু সেই আলো বন্ধ করার নানা পদ্ধতি নিয়ে অনলাইনে আলোচনা হয়েছে। মেটার দাবি, বিক্রি হওয়া চশমার শূন্য দশমিক ১ শতাংশেরও কম শারীরিকভাবে পরিবর্তন করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ক্যামেরাবিহীন সংস্করণ গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে মেটার একটি পদক্ষেপ হতে পারে। তবে অন্যদের মতে, ভবিষ্যতের স্মার্ট চশমায় ক্যামেরার ব্যবহার আরও বাড়বে। কারণ ব্যবহারকারীর আশপাশের দৃশ্য ধারণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তথ্য বিশ্লেষণ করার সক্ষমতাই স্মার্ট চশমার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এদিকে স্যামসাং, গুগল ও স্ন্যাপসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও স্মার্ট চশমার বাজারে কাজ করছে। ফলে ক্যামেরাযুক্ত ও ক্যামেরাবিহীন স্মার্ট চশমার ব্যবহার নিয়ে গোপনীয়তা, সম্মতি ও সামাজিক আচরণের নতুন নিয়ম তৈরি করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা আরও বাড়ছে।
প্রযুক্তি বিশ্লেষক বেন উডের মতে, ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা বাজার থেকে হারিয়ে যাবে না। বরং এসব পণ্যের ব্যবহার নিয়ে সমাজকে নতুন একটি গ্রহণযোগ্য নিয়ম ও কাঠামো তৈরি করতে হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




