নেদারল্যান্ডস, ৭ ফেব্রুয়ারি – নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে সালমান আলি আগার দল হারের শঙ্কায় পড়েছিল। তবে একটি ক্যাচ মিসেই ম্যাচের ভাগ্য বদলে যায়। জীবন পেয়ে ফাহিম আশরাফ ঝোড়ো ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করেন।
তার ১১ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। এদিকে ফাহিম আশরাফের ক্যাচ মিসকেই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন ডাচ পেসার পল ফন মিকেরেন। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘ক্রিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা যে কেউ বুঝবে, ওই ক্যাচটিই ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। মূলত ওখানেই আমরা ম্যাচটি হেরে গেছি।’ শেষ মুহূর্তে দারুণ বোলিং করেও জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন মিকেরেন।
এই হার মেনে নেওয়া কঠিন জানিয়ে তিনি বলেন, ‘দিনশেষে কাউকে না কাউকে হারতে হয়, তবে আমরা নিজেদের ভুলত্রুটির কারণেই হেরেছি। এই ম্যাচে জয় আমাদেরই প্রাপ্য ছিল।’ এমনকি এই ম্যাচ দিয়ে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন এই ডাচ ক্রিকেটার।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





