কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে সুজন, বাশার, সালমা ও নাফিস

কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে সুজন, বাশার, সালমা ও নাফিস

ক্রিকেটারদের কল্যাণ ও অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুন উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে। শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করে সংগঠনটি।

নতুন উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

এ ছাড়া কোয়াবের উপদেষ্টা কমিটিতে রয়েছেন সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, সাথিরা জাকির জেসি, সানাউর হোসাইন, এনামুল হক মনি, সেলিম শাহেদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইশতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।

ক্রিকেটারদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেওয়াই হবে নতুন উপদেষ্টা কমিটির অন্যতম দায়িত্ব। কোয়াব জানিয়েছে, ক্রিকেটারদের কল্যাণ ও অধিকার সংরক্ষণ, তাদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং দেশের ক্রিকেটের সামগ্রিক সংস্কৃতি নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন কমিটির সদস্যরা।

উপদেষ্টা কমিটি গঠনের পাশাপাশি কোয়াবের কেন্দ্রীয় কমিটিতেও এসেছে পরিবর্তন। নতুন করে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট ক্রিকেটার মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানা।

Scroll to Top