
ছবি: সংগৃহীত
কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে প্রচুর উইপোকা দেখতে পেয়ে সেখানে রাত না কাটিয়েই চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় লং মার্চ উপলক্ষে কুমিল্লায় গিয়ে এ পরিস্থিতির মুখে পড়েন তিনি। কক্ষ পরিবর্তনের অনুরোধ জানিয়েও তাৎক্ষণিক ব্যবস্থা না পাওয়ার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান ডা. তাহের। তার থাকার জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি পুরো কক্ষে প্রচুর উইপোকা দেখতে পান।
বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি একটি কম্বলও চান। তবে অভিযোগ অনুযায়ী, তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা হয়নি। পরে তার এপিএস আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার এনডিসিকে এসএমএসের মাধ্যমে জানান।
এরপরও দ্রুত কোনো ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা। কক্ষ পরিবর্তন কিংবা বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়ায় তিনি রাত না কাটিয়েই সার্কিট হাউস ত্যাগ করেন।
ঘটনাটি সামনে আসার পর কুমিল্লা সার্কিট হাউসের রক্ষণাবেক্ষণ ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রীয় অতিথির কক্ষে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরও কেন দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা করা হয়নি, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউসের মতো জায়গায় এমন অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক
নুসরাত তওরীন আহমেদ
বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
