রাজশাহীতে মারা যাওয়া দুই বোন মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাসিয়া (৫) নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকেরা এখন জানার চেষ্টা করছেন, এই দুই শিশু অন্য কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছিল কি না। শিশু দুটির মা–বাবাকে এ জন্য হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়নি।
গতকাল রোববার রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পৌঁছান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, মাইনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাজশাহীতে এসেছেন। তাঁরা ইতিমধ্যে তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁরা বিভিন্ন রকম নমুনা ও হিস্ট্রি সংগ্রহ করছেন।





