
ঢাকা, ১৫ মে – ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক জালিয়াতির ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কবার্তা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে গ্রাহকদের এই পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়েছে যে সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের সাধারণ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভিসহ অত্যন্ত সংবেদনশীল তথ্য ওইসব প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে এই প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে,
- ওইসব প্রতিষ্ঠান ব্যাংক বা কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত নয়।
- ফলে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হওয়ার মাধ্যমে বড় ধরনের আর্থিক জালিয়াতি বা অননুমোদিত লেনদেনের সম্ভাবনা রয়েছে।
- এছাড়া গ্রাহকের সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বাড়তে পারে।
- কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের অনুরোধ জানিয়েছে যেন তারা কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডের তথ্য না দেয় এবং প্লাস্টিক কার্ড মেটাল কার্ডে রূপান্তর থেকে বিরত থাকে।
- কার্ড সংক্রান্ত যেকোনো সেবার জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি বা কার্ডের গোপন তথ্য কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
- কোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে গ্রাহকদের দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ১৫ মে ২০২৬







