কানাডা নির্বাচনে ‘বিদেশি হুমকি’ ভারত: ট্রুডো

কানাডা নির্বাচনে ‘বিদেশি হুমকি’ ভারত: ট্রুডো

খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের আলোচিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও কানাডার বিদ্যমান টানাপোড়েনের মধ্যেই, ভারতকে কানাডার নির্বাচনের ক্ষেত্রে ‘বিদেশি হুমকি’ হিসাবে অভিযোগ করেছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের একটি ডিক্লাসিফাইড ইন্টেলিজেন্স রিপোর্টে এই অভিযোগ করা হয়েছে। সব তথ্য অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রুডো প্রশাসন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাস্টিন ট্রুডোর মধ্যে নয়াদিল্লিতে ২০২৩ সালের ১০ই সেপ্টেম্বর জি-২০ সম্মেলনের এক ফাঁকে বৈঠক হয়। এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি- কানাডায় ভারতবিরোধী উগ্রপন্থিদের অব্যাহত তৎপরতা নিয়ে কঠোর উদ্বেগ জানিয়েছেন মোদি। তারা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছেন।  

অন্যদিকে উগ্রপন্থা এবং কানাডায় বিদেশি হস্তক্ষেপের বিষয়ে নয়াদিল্লিতে সাংবাদিকদের ট্রুডো বলেন- আলোচনায় দুটি ইস্যুই উঠেছিল। কানাডা সব সময় মত প্রকাশের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদের স্বাধীনতার পক্ষে থাকবে। আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সহিংসতার বিরুদ্ধে আমরা সব সময়। ঘৃণার বিরুদ্ধে আমাদের অবস্থান। 

কিন্তু দেশে ফিরে গিয়ে ১৯শে সেপ্টেম্বর হাউজ অব কমন্সে ট্রুডো ভারত সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন। বলেন, হরদিপ সিং নিজার হত্যায় ভারত সরকার এবং ‘র’ জড়িত। এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ আছে। শুরু হয় উত্তেজনা। এতদিন ভেতরে ভেতরে থাকলেও সেই উত্তেজনা যেন বিশ্বময় ছড়িয়ে পড়ে। প্রথমদিকে বিষয়টি দুই দেশের সরকারের ভেতরকার ইস্যু হলেও তা এখন সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে।

ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য ভারতকে দোষারোপ করলে জাস্টিন ট্রুডোকে কঠোর তিরস্কার করে নরেন্দ্র মোদি। মূলত এরপর থেকে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।

সে জের ধরেই কানাডা নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপ করতে পারে ভেবে ভারতকে একটি ‘বিদেশী হুমকি’ হিসাবে নাম দিয়েছে অটোয়া। এরই মধ্যে শনিবার (৩ ফেব্রুয়ারি) আরেক শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভারতের বিপক্ষে।  যদিও নতুন অভিযোগের বিষয়ে ভারত সরকার এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অক্টোবর ২০২২ সালের ‘বিদেশী হস্তক্ষেপ এবং নির্বাচন: একটি জাতীয় নিরাপত্তা মূল্যায়ন’ শিরোনামের প্রতিবেদনে  ভারতকে ‘হুমকি’ বলে অভিহিত করেছে এবং সতর্ক করেছে যে বিদেশী হস্তক্ষেপ কানাডার গণতন্ত্রকে দুর্বল করছে।

বৈদেশিক হস্তক্ষেপ ঐতিহ্যগত কূটনীতি থেকে সরে গিয়ে গোপনীয়তা এবং প্রতারণার নীতি ব্যবহার করে  জনসাধারণের এবং নীতি-নির্ধারণকে প্রভাবিত করে বলে জানান ট্রুডো। এরন আগে এমন অভিযোগে চীন ও রাশিয়া মুখোমুখি হলেও ভারতকে এই প্রথম নির্বাচনে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করেছে কানাডা।

Scroll to Top