চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান ২০২৬ জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। চ্যালেঞ্জার পুলে টানা তৃতীয় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে ১০ দলের টুর্নামেন্টে সেরা ছয়ে জায়গা নিশ্চিত করেছে দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। মাত্র ৩ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন। এরপর ১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে লাল-সবুজের মেয়েরা। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা।
এর পাঁচ মিনিট পরই আবারও গোলের দেখা পান অধিনায়ক শারিকা। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
পুরো ম্যাচে রক্ষণভাগে দৃঢ়তা এবং আক্রমণভাগে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষকে গোলের বড় সুযোগ তৈরি করতে না দিয়েই ৪-০ ব্যবধানে ম্যাচ শেষ করে তারা।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচে তিন জয় নিয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে বুধবার হংকং চায়নার বিপক্ষে। নিয়মরক্ষার এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে।
