ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (ডিইউবিএস) পক্ষ থেকে ‘শীতার্তদের জন্য গান’ শীর্ষক কনসার্ট থেকে প্রাপ্ত অর্থে কেনা কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) নীলফামারী জেলার প্রত্যন্ত উপজেলা ডিমলার আকাশকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
ঢাবির টিএসসিতে গত ১৬ ই জানুয়ারি ‘শীতার্তদের জন্য গান’ কনসার্টের আয়োজন করেছিল ডিইউবিএস।
ব্যবহৃত, অব্যবহৃত শীতবস্ত্র দিয়ে কিংবা আর্থিক সহায়তা প্রদান করে হিম ঠান্ডা এই শীতে ফুটপাতে শুয়ে কাঁপতে থাকা মানুষগুলোর গায়ে উষ্ণতা পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ডিইউবিএসের পাশে দাঁড়ায়। সেই উষ্ণতা এবার শহরের গন্ডি পেরিয়ে গেছে নীলফামারীর ডিমলা উপজেলায়।
এ ব্যাপারে ডিইউবিএস এর সভাপতি ইনজামাম উল কবির সাকলাইন বলেন, ‘নীলফামারীর ডিমলার মত স্থানে যখন কেউ সাহায্য নিয়ে পৌঁছায়নি, তখন আমরা ডিইউবিএসের মাধ্যমে সাহায্য সেখানে পৌঁছে দিয়েছি। তাই আমি এই মানবিক কাজের জন্য গর্ববোধ করছি।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজিত ‘শীতার্তদের জন্য গান’ কনসার্টের প্রাপ্ত শীত বস্ত্র, অর্থ পৌঁছে দিতে সাহায্য করেছেন ডিমলার সাবেক ইউপি সদস্য ফজলুল হক।




