ককরোচ জনতা পার্টির দুই নেতাকে আজকের মধ্যে মুক্তি দেওয়ার আল্টিমেটাম – DesheBideshe

ককরোচ জনতা পার্টির দুই নেতাকে আজকের মধ্যে মুক্তি দেওয়ার আল্টিমেটাম – DesheBideshe
ককরোচ জনতা পার্টির দুই নেতা

দিল্লি,১৮ অক্টোবর-ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে দাবি করে আজ রোববারের মধ্যে তাদের মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে দলটি। একই সঙ্গে সিজেপির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আজকের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি জানিয়েছে, এ বিষয়ে তারা প্রবীণ আইনজীবী কপিল সিবালের সঙ্গে পরামর্শ করেছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সৌরভ ও আশুতোষকে আজকের মধ্যে মুক্তি দেওয়া না হলে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেআইনি হেফাজতে আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। তারা (সিজেপি নেতারা) কোনো অপরাধ করেননি এবং তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই।’

ককরোচ পার্টির নেতারা অভিযোগ করেছেন, তাদের নেতাদের কারাগারে আটকে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে। এ জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাঁচ দিনের বিচারিক হেফাজতের মেয়াদ শেষ হতে চললেও কেন দুই নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে না, এমন প্রশ্নে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন তারা শুধু কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে রত্না সিং বলেন, সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১২৬ ও ১৭০ ধারা প্রয়োগ করা হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে রত্না সিং বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলন করা কোনো অপরাধ নয়। আমাদের আন্দোলনের ডাক সব সময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকে। সাধারণ মানুষ দলগতভাবে বা এককভাবে শান্তিপূর্ণভাবে এতে অংশ নিক, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।’

এর আগে গতকাল শনিবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি পুলিশ তাকে আটক করেছিল। একই ঘটনায় যন্তর মন্তরের পাশ থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছিল। তাকেও গতকাল সকালে ছেড়ে দেওয়া হয়।

এস এম/ ১৮ অক্টোবর ২০২৬

Scroll to Top