বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলছে। জানা যাচ্ছে, অধিনায়কত্ব হারাতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্বও দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বিসিবির পরিকল্পনায় নেতৃত্বের নতুন কাঠামো গড়ে তোলার ইঙ্গিত মিলছে। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিয়ে প্রসংশিত হয়েছেন তাওহীদ হৃদয়। তরুণ এই ব্যাটারকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই বড় দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড।
এর আগে গুঞ্জন ছিল, মিরাজের পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্বে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বোর্ডের ভাবনা, শান্ত টেস্ট ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিলে এবং লিটন সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিলে দল দীর্ঘমেয়াদে বেশি লাভবান হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে দলের অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার নেতৃত্বের মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু তার অধিনায়কত্বে বিদেশের মাটিতে ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র দুটি। সেই হতাশাজনক পরিসংখ্যানই নেতৃত্বে পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।




