এ বছর বিপিএল হচ্ছে না: তামিম

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হচ্ছে না। পর্যাপ্ত সময় না থাকা এবং পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে চলতি বছর বিপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বিপিএল নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। এ বছর টুর্নামেন্ট আয়োজনের মতো পর্যাপ্ত সময় বোর্ডের হাতে আছে কি না—এমন প্রশ্নের জবাবে তামিমের সরাসরি উত্তর, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’

পারিশ্রমিক জটিলতা, ফ্র্যাঞ্চাইজিদের অর্থ পরিশোধে অনিয়ম, সম্প্রচার-সংক্রান্ত সমস্যা—বিপিএলের বিভিন্ন আসরে এসব নিয়ে সমালোচনা হয়েছে। তামিম জানিয়েছেন, সর্বশেষ দুই আসর আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের বদনামও হয়েছে। ফলে জোড়াতালির বিপিএল আর করতে চায় না বিসিবি, গুছিয়ে তবেই আয়োজন করতে চায় টুর্নামেন্টটি।

তামিম বলেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’

সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। তামিমের মতে, দ্রুত আয়োজনের চেয়ে টুর্নামেন্টের কাঠামো ও ব্যবস্থাপনা ঠিক করাই এখন বেশি গুরুত্বপূর্ণ। বিপিএল বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম প্রধান উৎস। ফলে টুর্নামেন্ট না হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতির বিষয়টিও স্বীকার করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে।’

এদিকে ডিসেম্বর-জানুয়ারির বিপিএল সূচি না থাকলে দেশের ঘরোয়া ক্রিকেটে কী হবে, সে বিষয়েও কাজ করছে বিসিবি। বিকল্প প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা সম্পর্কে তামিম জানান, একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ চলছে। পরিকল্পনার ৬০-৭০ শতাংশ কাজ শেষ হলে ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার ঘোষণা করা হবে।

বিসিবি সভাপতির ভাষায়, ‘আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন ৬০-৭০ শতাংশ কাজ হয়ে যাবে তখন আমি ঘোষণা দেব আমাদের ঘরোয়া ক্যালেন্ডারটা আমরা কীভাবে সাজাচ্ছি। এটা বেশ আলাদা ও ইন্টারেস্টিং হবে।’

Scroll to Top