এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার – DesheBideshe

এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার – DesheBideshe

সিডনি, ৩ মার্চ – সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে এশিয়ান কাপের মঞ্চে শক্তিশালী চীনের বিপক্ষে অভিষেক হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়া কাপের বর্তমান ও সর্বাধিকবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা ০-২ গোলের লড়াকু হার মেনে নিয়েছে। দর্শকধারণ ক্ষমতা বিশ হাজারের বেশি হলেও মাঠে উপস্থিত ছিলেন প্রায় ছয় হাজার দর্শক, যার উল্লেখযোগ্য অংশই ছিল প্রবাসী বাংলাদেশি।

ফিফা র‍্যাংকিংয়ে চীনের অবস্থান ১৭ এবং বাংলাদেশের ১১২। এমন অসম লড়াইয়েও বাংলাদেশের নারীরা ইতিবাচক ফুটবল উপহার দিয়েছেন। রক্ষণভাগে জনবল বাড়ালেও মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং প্রতি আক্রমণের চেষ্টা ছিল চোখে পড়ার মতো।

শারীরিক গঠন ও কৌশলে চীনা ফুটবলাররা এগিয়ে থাকলেও ফিটনেসে পিছিয়ে ছিলেন না ঋতুপর্ণারা। ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নদের গোলবঞ্চিত রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

তবে প্রথমার্ধের শেষ দুই মিনিটে পরপর দুটি গোল হজম করতে হয়। ২২ মিনিটে চীনের একটি গোল ভিএআর প্রযুক্তির কল্যাণে বাতিল হলেও ৪৪ মিনিটে ওয়াং শুয়াংয়ের দূরপাল্লার শটে এগিয়ে যায় চীন। এর ঠিক এক মিনিট পরেই ঝাং রুইয়ের শট বাংলাদেশের ডিফেন্ডারদের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের বল পজেশনে উন্নতি ঘটে এবং রক্ষণের খোলস ভেঙে আক্রমণের চেষ্টাও দেখা যায়। গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। বিশেষ করে দ্বিতীয়ার্ধের মাঝপথে নিশ্চিত গোল বাঁচান তিনি। ম্যাচের ৮৫ মিনিটে সুইডিশ প্রবাসী আনিকা রহমানের অভিষেক হয়।

এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে উমহেলা, শিউলি ও নবীরনের পরিবর্তে মাঠে নামেন তহুরা, হালিমা ও স্বপ্না। এই অর্ধে একটি পেনাল্টি নিয়ে ভিএআর চেক হলেও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। যদিও ম্যাচের ১৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমার ৩০ গজ দূর থেকে নেওয়া শটটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত, যা চীনের গোলরক্ষক চেন চেন দারুণ দক্ষতায় প্রতিহত করেন।

৯০ মিনিটের লড়াই শেষে ০-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়লেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের এমন পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

এনএন/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top