সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের উৎসব করল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। ভিনিসিয়ুস জুনিয়রও করেছেন একটি গোল, আর জুড বেলিংহ্যাম ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে বড় অবদান রেখেছেন।
ম্যাচের শুরুতে অবশ্য স্বস্তিতে ছিল না রিয়াল। ১১ মিনিটে মিকেল ওইয়ারজাবালের শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলে বিপদ এড়ায় স্বাগতিকরা। অন্য প্রান্তে ভিনিসিয়ুসও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শট ফিরিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো।
৪০ মিনিটে ফেদে ভালভার্দের দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তবে বিরতির ঠিক আগে সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। রিয়ালের ডিফেন্ডারের পায়ে লেগে বল ফিরে এলে সেটি কাজে লাগিয়ে কোনাকুনি শটে গোল করেন লুকা সুসিক। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের গতি বাড়িয়ে ৬০ মিনিটে আবারও রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু খেলে জায়গা তৈরি করে ফরাসি ফরোয়ার্ডের নিখুঁত শটে পরাস্ত হন রেমিরো।
এর আট মিনিট পর ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। বাইলাইন থেকে বেলিংহ্যামের বাড়ানো বল কাজে লাগিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালের তৃতীয় গোলটি করেন।
৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ভিনিসিয়ুসের দারুণ থ্রু বল ধরে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে সোসিয়েদাদের জালে বল পাঠান তিনি। তাতেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের ৪-১ গোলের জয়।
ম্যাচে রিয়ালের আরও একটি গোল বাতিল হয় ভিএআরে। তবে তাতে জয় নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ।
