এফডিসিতে বহিরাগতদের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ওমর সানী – DesheBideshe

এফডিসিতে বহিরাগতদের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ওমর সানী – DesheBideshe

ঢাকা, ৩ এপ্রিল – জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গিয়েছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নিজের অভিনীত কালজয়ী সিনেমা চাঁদের আলোর ব্যানার দেখে আবেগাপ্লুত হলেও কিছুক্ষণ পরই তাকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেখানকার বর্তমান পরিবেশ ও বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।

ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের এই হতাশার কথা তুলে ধরেন।

ওমর সানী অভিযোগ করে জানান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে অবস্থান করার সময় হঠাৎ ৪০ থেকে ৫০ জন বহিরাগত মানুষ সেখানে প্রবেশ করেন। একটি সংরক্ষিত এলাকায় এমন গণজমায়েত ও শোডাউনকে তিনি অত্যন্ত বিব্রতকর বলে মন্তব্য করেন।

আক্ষেপ করে তিনি বলেন, মূল আয়োজনে প্রকৃত শিল্পীদের পরিবর্তে বহিরাগতদের ভিড় ছিল সবচেয়ে বেশি। সহকর্মী শিবা শানু বারবার শিল্পীদের সামনে আসার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও বহিরাগতরা সামনের সারি দখল করে রাখে।

এছাড়া চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ কোনো প্রবীণ শিল্পীকে সেখানে দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভিডিও বার্তায় ওমর সানী অনুরোধ জানিয়ে বলেন, চলচ্চিত্রের মানুষদের যেন তাদের নিজেদের মতো থাকতে দেওয়া হয়। বাইরে থেকে এসে তাদের বিব্রত করা কোনোভাবেই ঠিক নয়। তিনি আরও বলেন, তারা চলচ্চিত্রের মানুষ এবং দিনশেষে চলচ্চিত্রকেই ভালোবাসেন। তাই এফডিসিতে অকারণে শোডাউন না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ওমর সানীর এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্রকর্মীরাও এফডিসির সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top