জামায়াতে ইসলামী বলেছে, ৭ জানুয়ারির নির্বাচনে তিন হাজার কোটি টাকা নষ্ট করা ছাড়া জনগণের কোনো কল্যাণ হয়নি। এটি কোনো নির্বাচনই নয়। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এ কথা বলেন। তিনি ‘প্রহসনের’ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানান।
মুজিবুর রহমান বলেন, ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের ৩৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। মাত্র দুই মাসের মধ্যে ৬২টি মামলায় ১৬ শতাধিক নেতা-কর্মীকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়। সরকারের পরিকল্পনা ছিল জনগণকে দমিয়ে রেখে জাল ভোট দিয়ে এবং দলীয় লোকদের দ্বারা ভোটকেন্দ্রে ভিড় জমিয়ে ভোটার উপস্থিতির মহানাটক মঞ্চস্থ করা। কিন্তু বাংলাদেশের জনগণ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে সরকারের হুমকি-ধমকি অগ্রাহ্য করে প্রহসনের ভোট বর্জন করে সব ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।


