
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মানুষের উদ্বেগ ও ভয়কে যৌক্তিক বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। একই সঙ্গে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সফটওয়্যার কোম্পানি সেলসফোর্স আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন অল্টম্যান। খবর বিবিসির।
অল্টম্যান বলেন, বিশ্বের উচিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখা যে তারা এআই নিয়ে সঠিক কাজটি করবে। তবে এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় মানুষ যে ভয় পাচ্ছে, তার যথেষ্ট কারণও রয়েছে।
তিনি বলেন, এআই কীভাবে ভুল পথে যেতে পারে, তা কল্পনা করতে এখন আর আগের মতো বেশি কল্পনাশক্তির প্রয়োজন হয় না। তাই এআই নিয়ে বিশ্বের ভয় পাওয়া যৌক্তিক।
অল্টম্যানের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা চলছে। সম্প্রতি অ্যানথ্রপিকের এক সাবেক গবেষক সতর্ক করে বলেন, নিয়ন্ত্রণহীনভাবে এআইয়ের উন্নয়ন চলতে থাকলে চলতি দশকের শেষ নাগাদ এটি মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কয়েকজন প্রযুক্তি নির্বাহী ও বিশেষজ্ঞও এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে এআই নিরাপত্তা নিয়ে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজেদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া কয়েকজন শীর্ষ নির্বাহী।
অল্টম্যান বলেন, নিরাপদভাবে কাজ করার ক্ষেত্রে ওপেনএআইসহ পুরো এআই শিল্পের সক্ষমতার ওপর তিনি আত্মবিশ্বাসী। এআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ও মানুষের সঙ্গে প্রযুক্তির সামঞ্জস্যকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পর্যায়ে সেটি সম্ভব না হলে উন্নয়নের গতি কমিয়ে দেওয়া বা কাজ বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি।
একই সম্মেলনে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, কোনো এআই মডেল বাজারে ছাড়া হবে কি না, সে সিদ্ধান্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোরই নেওয়া উচিত। তাঁর মতে, এ ক্ষেত্রে নতুন আইন বা সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। মেটার সিইও মার্ক জাকারবার্গও বলেন, নিরাপদ এআই তৈরির সক্ষমতা ও প্রণোদনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রয়েছে।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর পুরোপুরি নির্ভর করে এআই খাত পরিচালনার ধারণার সমালোচনাও রয়েছে। অ্যানথ্রপিকের নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্কের মতে, এআইকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন শিল্প হিসেবে ছেড়ে দেওয়া অত্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে ওপেনএআই, অ্যানথ্রপিকসহ কয়েকটি প্রতিষ্ঠান এআই নিরাপত্তায় শিল্পব্যাপী অভিন্ন মানদণ্ড তৈরির বিষয়ে আলোচনা করছে। সরকারি সমর্থন থাকুক বা না থাকুক, উন্নত এআইয়ের নিরাপত্তা মানদণ্ড তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বেচ্ছামূলকভাবে কাজ করার কথা জানিয়েছেন ওপেনএআইয়ের নির্বাহী ক্রিস লেহেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
