
প্রায় ১৭০ বছর ধরে অমীমাংসিত গণিতের অন্যতম জটিল সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ এর প্রমাণ বের করার দাবি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের একজন কর্মী। প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লডের সহায়তায় ছয় সপ্তাহের প্রচেষ্টায় সমস্যাটির বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন বলে জানিয়েছেন গণিতবিদ লেভেন্ট আলপোগে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সাফল্যের দাবি প্রকাশ করেন তিনি। তবে তার উপস্থাপিত প্রমাণ এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে গণিতের ইতিহাসে যুগান্তকারী এই সমস্যার সমাধান সত্যিই হয়েছে কি না, তা নিয়ে অপেক্ষা করতে হচ্ছে বিশেষজ্ঞদের।
আলপোগে জানান, অ্যানথ্রপিকের সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়, এমন একটি ক্লড সংস্করণ ব্যবহার করে তিনি প্রমাণটি তৈরি করেছেন। লিন নামের গাণিতিক প্রমাণ যাচাইয়ের বিশেষ কম্পিউটার ভাষায় লেখা এর পূর্ণাঙ্গ পাঠ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি। বিখ্যাত গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটির যথার্থতা যাচাই করতে আরও সময় প্রয়োজন।
জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমানের নামানুসারে ১৮৫৯ সালে উত্থাপিত হয় রিমান হাইপোথিসিস। এটি মূলত মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টনসংক্রান্ত একটি অনুমান। গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধান পাওয়া গেলে সংখ্যাতত্ত্বসহ উচ্চতর গণিতের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
এদিকে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআইয়ের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে ওপেনএআই দাবি করেছিল, তাদের কর্মীরা এআইয়ের সহায়তায় নাভিয়ের-স্টোকস সমীকরণের একটি জটিল সমস্যার অংশবিশেষ মাত্র ৮৮ ঘণ্টায় সমাধান করেছেন। তবে সেই প্রমাণও এখনো বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই হয়নি।
এআই প্রতিষ্ঠানের এ ধরনের সাফল্যের দাবি নিয়ে সতর্ক করেছেন গণিতবিদদের একটি দল। তাদের আশঙ্কা, বাণিজ্যিক পণ্যের সক্ষমতা প্রচারে যাচাই না হওয়া সাফল্য তুলে ধরা গণিতচর্চার জন্য ক্ষতিকর হতে পারে। ওপেনএআই পরবর্তী সময়ে আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যায় সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতির দাবিও করেছে।
বিশেষজ্ঞদের যাচাইয়ে আলপোগের প্রমাণ সঠিক বলে প্রমাণিত হলে তা গণিত গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে যাচাই শেষ না হওয়া পর্যন্ত রিমান হাইপোথিসিসের সমাধান হয়েছে বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


