
টরন্টো, ২১ জুন – জার্মানির বিপক্ষে লড়াই করে চমক জাগিয়েছিল আইভরি কোস্ট। একপর্যায়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত ডেনিস উন্দাভের নৈপুণ্যে জয় ছিনিয়ে নিয়েছে জার্মানি।
শনিবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ই এর রোমাঞ্চকর ম্যাচে আফ্রিকার দেশটিকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফরোয়ার্ড ডেনিস উন্দাভ।
এর আগে প্রথমার্ধে আইভরি কোস্টকে লিড এনে দিয়েছিলেন ফ্রাঙ্ক কেসিয়ে। তবে দ্বিতীয়ার্ধে উন্দাভের জোড়া গোলে জয় নিশ্চিত করে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।
২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের শুরুর দুই ম্যাচেই জয় পেল জার্মানি। একই সাথে ২০১৪ সালের পর প্রথমবারের মতো আসরের নকআউট পর্বে জায়গা করে নিল দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ম্যাচের ৩০তম মিনিটে ইয়ান ডিওমান্ডের পাস থেকে গোল করে আইভরি কোস্টকে এগিয়ে নেন কেসিয়ে।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে জার্মানি। ৬০ মিনিটে মাঠে নামার আট মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান উন্দাভ। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে আইভরি কোস্টের সম্ভাবনাও টিকে রয়েছে।
গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার জার্মানি মুখোমুখি হবে একুয়েডরের এবং আইভরি কোস্ট লড়বে কুরাসাওয়ের বিপক্ষে।
এনএন/ ২১ জুন ২০২৬







