আমি তখন মাস্টার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছি। একদিন আমাদের ওখানে এলেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। তিনি বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা। সে সময় প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ ছিলেন আইবিএর পরিচালক। তিনি আমাদের ডেকে পাঠালেন। অধ্যাপক ইব্রাহিম বললেন, ‘আমি আমার হাসপাতালে একটা কার্যকর ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাতে চাই। আমাদের এখানে ডায়াবেটিস পরীক্ষার জন্য বহু মানুষ দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেন। কাজটা সময়সাপেক্ষ হয়ে যায়। তাঁদের কীভাবে আমরা আরও সহজে সেবা দিতে পারি?’
আমার মনে হলো, এটা একটি দারুণ প্রকল্প, যেখানে একাডেমি ও ইন্ডাস্ট্রির যোগাযোগ ও সমন্বয় ঘটবে। তিন মাস ধরে আমরা কাজ করলাম। সব শেষে অধ্যাপক ইব্রাহিমকে একটি প্রতিবেদন দিলাম। ফলে তাঁদের সেবার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রি এবং একাডেমি মিলে কাজের এই অভিজ্ঞতা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। এমনটাই আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও করতে চাই। এ–জাতীয় কিছু প্রকল্পের কাজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এরই মধ্যে সম্পন্ন করেছে। কিছু কাজ চলছে; কিন্তু এটাকে আরও ত্বরান্বিত করার সুযোগ আছে।





