ইসরায়েলে আক্রমণের পর ইরান নিয়ে ভারতের নির্দেশিকা | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলে আক্রমণের পর ইরান নিয়ে ভারতের নির্দেশিকা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরেই ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে ভারত। ইরানের হামলার জেরে ইসরায়েলের পাল্টা আক্রমণের সম্ভাবনা থেকে এই নির্দেশিকা বলে জানা গেছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়, অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না যাওয়াই বাঞ্ছনীয়।

GOVT

পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন নম্বরও দেয়া হয়েছে ওই নির্দেশিকায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে।

মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। যার জেরে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল।

এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াই ভালো। ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরায়েলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সেখানে জানানো হয়েছিল।

Scroll to Top