ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরাইল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। তিনিই বিশ্বের প্রথম নেতা যিনি এই পদক লাভ করলেন।
স্থানীয় সময় বুধবার ২৫ ফেব্রুয়ারি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে দুই নেতা জেরুজালেমে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর খাত এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে নেসেটে দেওয়া ভাষণে মোদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ওই হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের শোকের অংশীদার ভারত এবং সংকটময় সময়ে ইসরায়েলের পাশে থাকবে।





