আবারও ইসরায়েল অভিমুখী আরও দু’টি জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সাগরে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।
সোমবার সকালেও হুতির পঞ্চম সামরিক অঞ্চলের কমান্ডার ইউসুফ আল মাদানি বলেছেন, গাজায় হামলা বৃদ্ধি মানেই লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি পাওয়া। ইয়েমেন ও ফিলিস্তিনের মধ্যে যারাই দূরত্ব সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই যুদ্ধ চালাবে হুতি।
এর আগে যুক্তরাজ্যের সাগর ভিত্তিক বাণিজ্য সংস্থা বা ইউকেএমটিও বলেছে, লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালীতে একটি জাহাজের কাছে সম্ভবত বিস্ফোরণ ঘটেছে। একই প্রণালীতে আরেকটি জাহাজেও কিছু একটা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নির্বিচারে আক্রমণ, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় নৌ-বাণিজ্য স্থগিত করতে বাধ্য হয়েছে বিশ্বের শীর্ষ শিপিং কোম্পানিগুলো। তবে এ সিদ্ধান্তের ফলে বিশ্বের তেলের বাজার অস্থিতিশীল হওয়ার পাশাপাশি এর নেতিবাচক প্রভাব গিয়ে পড়বে ভোক্তা পর্যায়ে।




